সাইফুল ইসলাম, রামগড় :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ৩ টায় পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন এবং রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে। অন্যথায় নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান বিস্মৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য শিক্ষার্থীদের নজরুলের কবিতা, ছড়া, গান, নাটক ও গল্প পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনলাইন ডেস্ক