মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল নথি তৈরি করে একযুবকে বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা দায়ের করায় বাদী মোছাঃ নুরহাত জাহান লিজা (১৮) কে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসে.এম গালিব হাসান এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে নুরহাত জাহান লিজা ভূয়া জন্ম নিবন্ধন এবং ভূয়া কাবিননামা তৈরি করে তৌফিক হাসান সহ ৩ জনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার শুনানিকালে জন্ম নিবন্ধন, কাবিননামা ভূয়া প্রমাণিত হয়। কাবিননামারে ১৫নং কলামে তাৎক্ষণিক দেনমোহর অংকে ২হাজার টাকা এবং কথায় ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কাবিননামায় বিতর্কিত কথা উল্লেখ থাকায় এবং কাজীর স্বাক্ষর না থাকায় দাখিলকৃত সমস্ত প্রমাণাদি ভূয়া প্রমাণিত হয়। ফলে মামলাটি বাতিল করে আসামী তৌফিক হাসান (২১), মোঃ আনোয়ার হোসেন (৫০) এবং মোছাঃ টপি বেগম (৪৫) কে বেকসুর খালাস দেয়া হয়। তাদের সকলের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ মিয়াপাড়া গ্রামে।
জাল নথি তৈরি করে যৌতুক নিরোধ আইনে প্রতারণামূলক মিথ্যা মামলা দায়ের করায় বাদী মোছাঃ নুরহাত জাহান লিজা (১৮) কে ৭ দিনের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বাদী পক্ষের আইনজীবি ক্ষমা প্রার্থনা করায় তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সহকারী এপিপি মো. সাজ্জাদ হোসেন জানান, এ ধরণের প্রতারণামূলক মামলা অন্যকে হয়ারানী করার উদ্দেশ্যে করা হয়েছে এটা বিজ্ঞ আদালতে প্রমাণিত হয়েছে। এই ধরণের মামলায় বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট ন্যায় বিচার করেছেন।

অনলাইন ডেস্ক