রুপম চাকমা, দিঘীনালা :
খাগড়াছড়ি দীঘিনালায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমা ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাবুছড়া ৭ বিজিবি এর সীমান্ত এলাকায় বৈঠক অনুষ্ঠিত হয়৷ উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২২৭৮ এর মাঝখানে দুই দেশের সীমান্তরক্ষী প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিয়ুশ কুমার। এই সময় উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন ধরণের রাস্তা নির্মাণের জন্য আপত্তি জানায় বিজিবি। এ ধরণের নির্মাণ কাজ সীমান্ত বিধিবিধানে পরিপন্থী বলে উল্লেখ করেন। জবাবে বিএসএফের কমান্ডেন্ট ভবিষ্যৎতে এ ধরণের পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন।
এ ছাড়াও জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর বিষয়ে বিএসএফকে সর্তক করেন। বাবুছড়া সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে অবগত করা হয়, কোনো ধরণের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৭৫ এর ৫-এস কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বিজিবির মতে, দীর্ঘদিনের পর সৌজন্য আলোচনা সভায় সীমান্ত এলাকায় শান্তি নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক জোরদার ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক