প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

অনলাইন ডেস্ক

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : 

​পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের (১১ আর ই) উদ্যোগে আয়োজিত ‘এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত রবিবার (৮ নভেম্বর) জীবতলী আর্মি ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মিরাজ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কেবল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতার বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আসার এবং নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে এলাকার মোট ২৭ জন বেকার যুবক অংশগ্রহণ করেন। দীর্ঘ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ ও মেরামতের ওপর নিবিড় ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কল্যাণমুখী ও যুগোপযোগী উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন