প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

শিশুদের আনন্দ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে অজিত কুমার তনচংগ্যা পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ

অনলাইন ডেস্ক

 

 রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

“আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আর তাদের সুস্থ শৈশব নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব”। এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কাপ্তাইয়ের গ্রামীণ জনপদের শিশুদের মাঝে খুশির জোয়ার বইয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা পরিবার। নিজ পরিবারের পক্ষ থেকে তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার আনন্দ ছড়িয়ে দিতে ফুটবল এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুপেয় পানির ফিল্টার উপহার হিসেবে প্রদান করেছেন।

​সোমবার (৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন ও প্রাণবন্ত অনুষ্ঠানে এই উপহারসামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের শিশুদের দৈনন্দিন ছোট ছোট চাহিদাগুলোর প্রতি এমন আন্তরিক খেয়াল রাখা এবং তাদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। উপহার সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষময় তনচংগ্যার, আরও উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক উমা চাকমা, জয়ন্তী তনচংগ্যা, সূর্য্যসেন তনচংগ্যা, ঝরণা তনচংগ্যা ও শান্ত তনচংগ্যা। শিক্ষকদের এই সরব উপস্থিতি পুরো আয়োজনটিকে এক পারিবারিক মিলনমেলায় রূপ দেয়।

অনুষ্ঠানে বক্তারা অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে বলেন, পাহাড়ের এই জনপদের শিশুরা নানা প্রতিকূলতার মাঝে বড় হয়। পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং শারীরিক সুস্থতার জন্য নিরাপদ পানীয় জলের সরবরাহ অত্যন্ত জরুরি ছিল। অজিত কুমার তনচংগ্যার এই সময়োপযোগী ও মহতী উপহার শুধু কিছু বস্তুগত সামগ্রী নয়, বরং এটি প্রমাণ করে যে সমাজের বিত্তবানরা একটু ইচ্ছা করলেই আমাদের কোমলমতি শিশুদের জীবনযাত্রার মান বদলে দিতে পারেন। এই উপহার বিদ্যালয়টির শিশুদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

নিজের জন্মভূমি ও এলাকার মাটির টানে, বিশেষ করে শিশুদের প্রতি অগাধ ভালোবাসা থেকেই পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছেন বলে জানান সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা। তাঁর মতে, শিশুদের চোখে এই আনন্দের ঝিলিক দেখার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।​সমাজের এই ধরনের নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগগুলোই পারে নতুন প্রজন্মকে আরও স্বপ্ন দেখাতে এবং একটি আলোকিত ও সুস্থ সমাজ গড়তে। এমন শিক্ষাবান্ধব ও হৃদয়গ্রাহী কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল, অভিভাবক ও সুধীসমাজ।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন