প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৫:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাঙ্গামাটি সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান হলেন মহিবুর রহমান নুহু

অনলাইন ডেস্ক

 

ডেক্স রিপোর্ট, সিএইচটি বার্তা :

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কৃতি সন্তান বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা মো. মহিবুর রহমান নুহু রাঙ্গামাটি সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ৯ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

মো. মহিবুর রহমান ৩১ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে ২০১৩ সালের ১৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদানসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবনে উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদানে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, মননশীলতা, মুক্তবুদ্ধি এবং মানবিক মূল্যবোধ বিকাশে তিনি সবসময় সচেষ্ট।

‘পাহাড়িয়া পাঠচক্র’ প্রতিষ্ঠা শিক্ষকতার পাশাপাশি জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গঠনে তাঁর রয়েছে বিশেষ অবদান। এরই অংশ হিসেবে তিনি রাঙ্গামাটি সরকারি কলেজে প্রতিষ্ঠা করেছেন ‘পাহাড়িয়া পাঠচক্র’। এই পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীরা দেশি-বিদেশি নির্বাচিত সাহিত্য, দর্শন ও মননশীল বই পাঠ এবং সে বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। নিয়মিত বইপাঠের চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের এই কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তি এবং সমাজমুখী শিক্ষা উদ্যোগ নিজ এলাকা ভোলার জন্যও গৌরবের বিষয়। তাঁর এই অর্জনে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন