আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি:
পবিত্র কঠিন চীবর দান উৎসব-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত জীবঙ্গছাড়া নবরত্ন বৌদ্ধ বিহার এবং কাচালং আর্য্যপুর ধর্ম্মোজ্জ্বল বন বিহারে আয়োজিত কঠিন চীবর দান উৎসবের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।
এ সময় তিনি বৌদ্ধ বিহারের সভাপতি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান উপলক্ষে জোন কমান্ডারের পক্ষ থেকে ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পুরুষদের জন্য ফতুয়া, নারীদের জন্য থামি, পোলাও চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি।
এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের আনন্দে অংশীদার হয়েছে মারিশ্যা জোন। এর ফলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় জোন কমান্ডার বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “পাহাড়ী-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী”—এই মূলমন্ত্রকে ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ধর্মীয় উৎসব আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সমাজের সকল স্তরের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে মারিশ্যা জোনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনলাইন ডেস্ক