প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ২:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে স্থানীয়দের দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

পাহাড়ের প্রত্যন্ত জনপদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথ সুগম করতে বান্দরবানের রুমায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পশু-পাখি পালনের মাধ্যমে বিকল্প আয়ের উৎস তৈরি এবং ক্ষুদ্র খামার গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে জোন সদরে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, উপযুক্ত বাসস্থান তৈরি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যার বিভিন্ন দিক হাতে-কলমে ও বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রুমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের পশু-পাখির সুষম খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সময়মতো টিকাদান, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বাড়ানোর কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

এ সময় তিনি বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন করতে পারলে অল্প পুঁজি দিয়েও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব। তবে এ ক্ষেত্রে সঠিক খাদ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ এবং নিয়মিত পরিচর্যার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন লেফটেন্যান্ট আবু দাঊদ মোঃ ইমাদ উদ্দীন আওয়াব, কিউএম, ৩৬ বীর।

সংশ্লিষ্টরা মনে করেন, পাহাড়ি এলাকার অনেক পরিবারের জন্য গবাদিপশু ও হাঁস-মুরগি পালন হতে পারে আয়ের একটি সম্ভাবনাময় মাধ্যম। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা পেলে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের বাড়ির আঙিনা কিংবা আশপাশের উপযুক্ত স্থানে ছোট পরিসরে খামার গড়ে তুলতে পারবেন। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন