প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে সংসদ সদস্য দীপেন দেওয়ানের অভিপ্রায়ে স্কুল ড্রেস পেল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাবলাখালী আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের অভিপ্রায় অনুযায়ী এলজিইডি বাঘাইছড়ির সরবরাহকৃত স্কুল ড্রেস শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা, ভারপ্রাপ্ত বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁরা বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের একটি অংশ অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের পড়াশোনা ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সন্তানদের মোবাইল ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার কারণ চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন তাঁরা।

তাঁরা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন