সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক আটজনের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দোপানীছড়া বিওপি থেকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় টহলের উদ্দেশ্যে বের হয়। রাত ১০টা ৪০ মিনিটের দিকে টহল দলটি বড়থলি ইউনিয়নের ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন এলাকায় পৌঁছালে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটজন বাংলাদেশিকে অবস্থান করতে দেখে। এ সময় তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ১১টার দিকে টহল দল তাদের আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পাসপোর্ট, ভিসা, ট্রাভেল ডকুমেন্টস কিংবা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ওই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বগুড়ার মো. হাসান সিহাব (৩০), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩২), মো. সোহেল (৩৫), ভোলার মো. হোসেন শরিফ ওরফে শিহাব (২৯), চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবান জেলার থানচি উপজেলার আবুয়াপাড়ার লাং রাও মুরুং (২২) ও দনরুই মুরুং (২৬)।
এ ঘটনায় বিজিবির দোপানীছড়া বিওপির হাবিলদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে বিলাইছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর এজাহারের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিলাইছড়ি থানায় মামলা নং-০১ দায়ের করা হয়। The Bangladesh Passport Order, 1973-এর ১১(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই (নিঃ) আলাউদ্দিন দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক