রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে ব্যাঙছড়ি মারমা পাড়া জয়মঙ্গল বৌদ্ধ বিহারে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে বিহার প্রাঙ্গণে ৮ম বারের মতো এই মহতী পুণ্যানুষ্ঠান পালিত হয়।
ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাক-ঢোল, মঙ্গলবাণী আর পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা; ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার আবহে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ নিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘনায়ক এবং ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাক্যছড়া পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পাইন্দাওয়াইন্সা মহাথের, ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পুংঞাওয়াইন্সা মহাথের এবং ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উ. সনা মহাথের। অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং বিশেষ দায়ক হিসেবে ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।
প্রধান দায়কের বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয় সহযোগিতা রাঙামাটি কাজ করে যাচ্ছি তবে ব্যাঙছড়ি মারমা পাড়ায় একটি ছাত্রাবাস অত্যন্ত প্রয়োজন। অতি শীগ্রই এটি বাস্তবায়ন করা হবে।” তাঁর এই আন্তরিক আশ্বাসে স্থানীয় পুণ্যার্থী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়।
বিশেষ দায়ক রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা বলেন, ছাত্রবাস ভবনটির পাঁচ তলা ফাউন্ডেশন করা হবে।” পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তিনি জোর দিয়ে বলেন, “আমাদের মারমা ভাষা ও বর্ণমালা শিখতে হবে।”
ভোরের আলো ফোটার সাথে সাথেই বুদ্ধ বন্দনা ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষুসংঘ ও পুণ্যার্থীদের আগমনে বিহার প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরে ভক্তিভরে পূজনীয় ভিক্ষুসংঘকে পিন্ডদান এবং অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। বিকেলে অতিথিসহ দায়ক-দায়িকারা নানা দানীয় সামগ্রী নিয়ে মঞ্চে আগমন করেন।
পূজনীয় ভিক্ষুসংঘ মঞ্চে আসন গ্রহণ ও মঙ্গলাচরণ পাঠের পর পুণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেন। এরপর ভিক্ষুসংঘের কণ্ঠে সদ্ধর্ম দেশনা ও পুণ্য উৎসর্গের মধ্য দিয়ে হৃদয়ছোঁয়া আধ্যাত্মিক পর্ব সম্পন্ন হয়। সবশেষে পুণ্যানুষ্ঠান ও পবিত্র ধর্মসভা সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্বের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে সমাপ্ত হওয়া এই মহতী আয়োজন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ধর্মীয় চেতনাকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্ক