প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৭:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

অনলাইন ডেস্ক
ডেস্ক রিপোর্ট, সিএইচটি বার্তা, ঢাকা অফিস :
সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরামের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম এবং মহিলা বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরার সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি অজয় এ. মৃ। স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। জাতীয় সংগীত পরিবেশন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো।
স্বাগত বক্তব্যে সঞ্জীব দ্রং বলেন, গত ২৫ বছর ধরে আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে পার্বত্য ও সমতলের আদিবাসীদের মধ্যে গভীর মেলবন্ধন তৈরি হয়েছে এবং আন্দোলনে প্রগতিশীল বাঙালি ও আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন যুক্ত হয়েছে। আশাহত না হয়ে তরুণ প্রজন্মকে নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বাঙালি ও আদিবাসীদের সমন্বয়ে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে ফোরামের নির্বাহী সদস্য ও এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্টের (এআইপিপি) মহাসচিব পল্লব চাকমা পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা, সামরিক শাসনের অবসান এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন আদিবাসীদের ওপর নিপীড়ন ও বৈষম্যের নিন্দা জানিয়ে অধিকার আদায়ের সংগ্রামে বামপন্থী দলগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অধিকার লঙ্ঘন, ভূমি দখল ও পার্বত্য চট্টগ্রামের সমস্যার সামরিকীকরণের মূলে রয়েছে ক্ষমতার অপব্যবহার। স্থায়ী শান্তির জন্য সামরিকীকরণের বদলে রাজনৈতিক সমাধান জরুরি বলে তিনি মত দেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্দীপনার সমন্বয়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসীদের ভূমিকার কথা তুলে ধরে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান এবং সংবিধান সংস্কার কমিশনের কাছে দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতির ওপর জোর দিয়ে বলেন, চুক্তি বাস্তবায়ন না করে চুক্তিবিরোধী কমিটি গঠন ষড়যন্ত্রমূলক উদ্যোগ। এ ছাড়া আদিবাসী নেতা ফিলিমন বাস্কে বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার দাবি করেন এবং ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং আঞ্চলিক পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার লিখিত বক্তব্য পাঠ করেন তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা। লিখিত বক্তব্যে পার্বত্য চুক্তির ২৯ বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ভূমি দখল, উচ্ছেদ, বন মামলা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। সমাপনী বক্তব্যে অজয় এ. মৃ আদিবাসীদের অধিকার আদায়ে যুব নেতৃত্বকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
সম্মেলনের ১০ দফা দাবি:
১. আত্মনিয়ন্ত্রণাধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা।
২. রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করা।
৩. আদিবাসী নারীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা।
৪. পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, সময়াবদ্ধ রোডম্যাপ ঘোষণা ও ভূমি কমিশন আইন কার্যকর করা।
৫. সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করা।
৬. আদিবাসীদের ‘মুক্ত, পূর্ব ও অবহিত সম্মতি’ (এফপিআইসি) ছাড়া ইকোপার্ক, সামাজিক বনায়ন, পর্যটন কেন্দ্র বা
     ইপিজেডসহ কোনো প্রকল্প না নেওয়া।
৭. নির্যাতন-নিপীড়ন বন্ধ ও দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করা।
৮. জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র (ইউএনডিআরআইপি) ও আইএলও কনভেনশন ১৬৯ অনুসমর্থন এবং
     আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন করা।
৯. জাতীয় সংসদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করা।
১০. সরকারি চাকরিতে কোটা বহাল রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে নির্ধারিত ৫ শতাংশ আদিবাসী কোটার যথাযথ বাস্তবায়ন
     করা।
আলোচনা পর্ব শেষে সম্মেলনের অংশ হিসেবে সংগীত দল ‘মাদল’, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (ডিইউজেএলসিএস) ও বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন