সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নামে এ হিমাগারটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রো-গ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের (M/S Shaing Shaing U Construction) প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।
তিনি আরও জানান, সাক্রাছড়িতে স্থাপিত এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় সৌরশক্তিচালিত কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্থানীয় উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক