প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ৫:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাই ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত অফিস কাম ডরমিটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মাতৃগাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাতৃগাছ থেকে অধিক পরিমাণে উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।​

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের এসডিজি গ্রাম হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা ভ্রমণ করেন। সেখানে তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাইয়ের সৌজন্যে স্থানীয় কৃষকদের মাঝে মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের উচ্চ ফলনশীল জাতের সবজি চারা এবং কফি ও কাজুবাদামের চারা বিতরণ করেন।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক বলেন, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের সবজি এবং অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন। এর মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের চারা ব্যবহারের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন