সিএইচটি বার্তা ডেস্কঃ
আজ সোমবার (১৬ জুন) ’২৫ রাঙামাটির কাউখালী বাজার বর্জনের কর্মসূচি সফল করতে রাঙামাটির কাউখালী উপজেলার সর্বস্তরের প্রতি আহ্নবান জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও ছাত্রজনতা সংগ্রাম পরিষদ কাউখালী উপজেলা শাখা।
রবিবার (১৫ জুন) ‘২৫ হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রত্না চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি থুইনুমং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জিপল চাকমা ও ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ক্যচিং অং মারমা এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, গত ১২ জুন কল্পনা চাকমা’র অপহরণকারীদের সাজার দাবিতে আয়োজিত নারী সমাবেশে সংহতি জানাতে ঢাকা থেকে আসা তিন অতিথি বক্তা অলিউর সান, মারজিয়া প্রভা ও নূজিয়া হাসিন রাশার ওপর ছাত্রদলের কাউখালী ডিগ্রী কলেজ শাখার সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক নাঈম হোসেন সহ ৩জন কর্তৃক হামলার প্রতিবাদে ও তাদের গ্রেফতার-শাস্তির দাবিতে আগামীকাল সোমবার (১৬ জুন) ‘২৫ কাউখালী বাজার বর্জন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি সফল করার জন্য আমরা কাউখালীর উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের এই কর্মসূচি কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি। সভা-সমাবেশ অংশগ্রহণ করা রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার রয়েছে। কাউখালীতে সমাবেশে বক্তব্য দেয়ার কারণে সেনা-গোয়েন্দাদের মদদে ছাত্রদল নামধারী সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনা উদ্বেগের বিষয়। এই হামলার মাধ্যমে রাষ্ট্রে নাগরিকের অধিকার চরম লঙ্ঘন হয়েছে এবং গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে। কিন্তু ঘটনার ৩ দিন অতিক্রম হলেও প্রশাসন এখনো নীরব ভুমিকা পালন করছে। এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তাই আমরা এই বাজার বর্জন কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছি। আমরা আশা করছি কর্মসূচি সফল করতে কাউখালী উপজেলার সর্বস্তরের জনগণ সাড়া দেবে এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে একাত্মতা প্রকাশ করবে।
উল্লেখ্য, গত ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকীতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজার দাবিতে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটির কাউখালীতে নারী সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে সংহতি জানাতে ঢাকা থেকে উপস্থিত হন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর শিক্ষক অলিউর সান, ছাত্র সংগঠনের নেত্রী সভাপতি নূজিয়া হাসিন রাশা এবং অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মী মারজিয়া প্রভা।
সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে কাউখালীর বেতছড়ি নামক স্থানে সেনা-গোয়েন্দাদের মদদে ছাত্রদল নামধারী সেটলার সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদেরকে মারধর ও হেনস্তা করে। এ ঘটনায় জড়িত দু’জন ইমরান হোসেন ও নাঈম হোসেন কাউখালী সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদল নেতা বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক