প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ । ২:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে “হামরনাই বন্থা”- এর উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক

শিক্ষা উপকরণ ও বই বিতরণ, দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়ায় “হামরনাই বন্থা”- এর উদ্যোগে এসএসসি- ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও বই বিতরণ এবং দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে ঠাকুরছড়াস্থ “জাগরণ পাঠাগার” হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে “হামরনাই বন্থা”-এর সভাপতি মিলন ত্রিপুরার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কার্বারী অরুণ বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা কার্বারী গৌরিমালা ত্রিপুরা, ইউপি সদস্য রাম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য বিজয় রোয়াজা ও চন্দনা ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, “হামরনাই বন্থা”-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা, সাবেক সভাপতি দেবাশীষ রোয়াজা, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের প্রভাষক ও “জাগরণ পাঠাগার”-এর সভাপতি প্রজ্জ্বলময় রোয়াজা এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রূপক ত্রিপুরা।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জেনস ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও “প্রয়াস একাডেমি”-র পরিচালক উত্তম কুমার ত্রিপুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যাশা ত্রিপুরা এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষার্থী হেনা ত্রিপুরা। তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিংসহ উচ্চশিক্ষার বিভিন্ন শাখায় ভর্তি ও প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদ্য এমবিবিএস ডিগ্রিধারী ডা. সনজীব ত্রিপুরার পিতা- কনক ব্রত ত্রিপুরা এবং জেনস ও প্রত্যাশা ত্রিপুরার পিতা- মলয় বিকাশ ত্রিপুরা। তারা নিজেদের সন্তানদের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। এ যুগে টিকে থাকতে হলে শিক্ষা, জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই।” তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য নিয়মিত অধ্যবসায় ও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানের প্রতি সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। বক্তারা যুব সমাজকে গুজব ও সামাজিক অস্থিরতা থেকে দূরে থাকার আহ্বান জানান এবং নারীদের ক্ষমতায়নে “মা সমাবেশ” আয়োজনের প্রস্তাব দেন।

এসময় মহিলা ইউপি সদস্যরা মেয়েদের প্রতি সতর্কতার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সময়ে নারীরা নানা প্রতিকূলতার মুখোমুখি। তাই একা কোথাও যাওয়া বা অপরিচিত পরিবেশে চলাফেরায় সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠান শেষে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে নতুন পাঠ্যবই এবং কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন খ্যাতনামা লেখকের বই তুলে দেন অতিথিরা। পাশাপাশি অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কাছে ভবিষ্যতে আরও বই ও সহায়তা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন