রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার মনোরম পর্যটন স্পট তারাবনিয়াতে সাম্প্রতিক সময়ে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ ও স্বচ্ছ জলের ঝিরি—সব মিলিয়ে পর্যটকদের কাছে তারাবনিয়া যেন হয়ে উঠেছে বাংলাদেশের “নিউজিল্যান্ড”।
বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভিড় করছেন এই এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারাবনিয়ার পাহাড়, মেঘ, সূর্যাস্ত ও সবুজ প্রান্তরের ছবি ছড়িয়ে পরার পর থেকেই পর্যটকদের আগ্রহ বহুগুণ বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেখানে খুব কম মানুষ আসত, এখন সেখানে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা। এতে একদিকে যেমন স্থানীয়দের আয় বাড়ছে, তেমনি অন্যদিকে পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অনেক তরুণ স্থানীয় গাইড হিসেবে কাজ শুরু করেছেন, গড়ে উঠছে ছোট ছোট পাহাড়িদের খাবারের দোকান।
পর্যটকরা বলছেন, তারাবনিয়ার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত শান্ত ও নির্মল। পাহাড়ের ঢালে সবুজ ঘাস, দূরে মেঘে ঢাকা পাহাড় আর খোলা আকাশ—সব মিলিয়ে নিউজিল্যান্ডের পাহাড়ি এলাকার কথা মনে করিয়ে দেয়।
তবে পর্যটনের এই বিকাশ টেকসই করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তারাবনিয়া ভবিষ্যতে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্ক