প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৩:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারে ৬ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা শুরু

অনলাইন ডেস্ক

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা। প্রতি বছরের ন্যায় এবারও তিন পার্বত্য জেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক দায়ক-দায়িকা ও ধ্যানীবৃন্দের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মশালাটি শুরু হয়।

রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতাকারী এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ৫ জানুয়ারি রবিবার সকাল থেকে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করছেন মায়ানমার সরকার কর্তৃক “আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধিপ্রাপ্ত বুদ্ধ সাসনা হিতাকারী সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের।

কুটুরিয়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু বলেন, “অগণিত পুণ্যের ফলে আমরা মানবজন্ম লাভ করেছি। জীবনের পথে জেনে-না জেনে আমরা অনেক ভুল করি। শরীর বা কাপড় ময়লা হলে যেমন দ্রুত পরিষ্কার করি, তেমনি মনের ময়লা বা পাপ পরিষ্কারের জন্য বিদর্শন ভাবনা অনুশীলন অত্যন্ত জরুরি। এই অনুশীলনের মাধ্যমে মানুষ নিজ ধ্যানের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে।”

কর্মশালায় অংশ নেওয়া উপাসক-উপাসিকারা জানান, মনোরম পরিবেশে প্রায় ১১০ জনের মতো ধ্যানীবৃন্দ এখানে অংশ নিয়েছেন। তবে বিহারে শৌচাগার, পাঠি, বালিশ, কম্বল, মাঠ সংস্কার ও অবকাঠামোগত কিছু সমস্যার কথা তারা তুলে ধরেন। বিশেষ করে বয়স্ক দায়ক-দায়িকাদের সেবায় বিহারের স্বেচ্ছাসেবীদের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তারা।

বুদ্ধ সাসনা হিতাকারী সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা বলেন, সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরও বেগবান হবে।

উল্লেখ্য, কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী ১০ জানুয়ারি সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন