কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এই সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে যেসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে ঠিক সে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি দুর্গম পাহাড়ি এলাকার তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের অর্জিত সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য (মেম্বার) গণমাধ্যমকর্মীসহ আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

| ২৩ নভেম্বর ২০২৬












