বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে ৪১ বিজিবি
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস-এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪১ বিজিবির আওতাধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, ৫টি স্টেইনলেস স্টিলের বল এবং ২টি বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি আরও জানায়, ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার রোধে সম্ভাব্য রুটগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

| ২০ নভেম্বর ২০২৬









