খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী সমাবেশ ও সড়ক অবরোধের ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ‘জুম্ম ছাত্র-জনতা’ আয়োজিত ধর্ষণ বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, শাপলা চত্বর ও ভাঙা ব্রিজ প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে একের পর এক নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যায়। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধ বাড়তেই থাকবে। বক্তারা জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, কৃপায়ন ত্রিপুরা, ক্যাচিংনু মারমা, আকাশ ত্রিপুরা, কবিতা চাকমা, উক্যনু মারমাসহ অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা জানান, আজকের সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে— পাহাড়ে আর ধর্ষণের ঘটনা তারা দেখতে চায় না। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া আন্দোলন আজও জাগ্রত রয়েছে।
কবিতা চাকমা বলেন, “গত মঙ্গলবার আমাদের এক বোন ধর্ষণের শিকার হয়েছেন। আমরা তার বিচারের দাবিতেই আজ সমবেত হয়েছি। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত প্রতিটি ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।” সমাবেশে ‘জুম্ম ছাত্র-জনতা’ দুইটি মূল দাবি উত্থাপন করে।
প্রথমত, জোন কর্তৃক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারীদের একজন, উক্যনু মারমাকে অবৈধভাবে তুলে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করতে হবে। দ্বিতীয়ত, সম্প্রতি সংঘটিত ধর্ষণের সব অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে হবে।

এ দাবিগুলো বাস্তবায়নের জন্য আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলায় সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সড়ক অবরোধের আওতামুক্ত থাকবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি নেটওয়ার্ক সংশ্লিষ্ট গাড়ি এবং সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের জন্য প্রয়োজনীয় যানবাহন।
এছাড়াও, শয়ন শীল নামে অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তবে আরও দুই আসামি পলাতক রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়।

| ৮ নভেম্বর ২০২৬











