খাগড়াছড়ি লক্ষ্মীছড়ির দুর্গম বিনাজুড়িপাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে সৌরশক্তিতে সুপেয় পানির ব্যবস্থা, শতাধিক পরিবারে স্বস্তি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এর ফলে দীর্ঘদিন বিশুদ্ধ পানি বঞ্চিত শতাধিক পাহাড়ি পরিবারে পানির কষ্ট দূর হয়েছে এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে শুষ্ক ও শীত মৌসুমে বিনাজুড়িপাড়ার তীব্র পানির ভোগান্তি নিরসনের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় এবং বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সৌরশক্তি চালিত এই পানির ট্যাংকটির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইসালা চৌধুরী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতদিন বিনাজুড়িপাড়ার উঁচু পাহাড়ে বসবাসকারী শতাধিক পরিবার পাহাড়ের নিচের ছড়া, খাল ও গর্ত থেকে কলসিতে করে মাথায় বয়ে পানি এনে ব্যবহার করত। শীতকালে ঝিরি ও ছড়ার পানি শুকিয়ে গেলে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাত। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে আজ শতাধিক পরিবারের পানির কষ্ট লাঘব হয়েছে। এলাকার সুবিধাবঞ্চিত মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগে দারুণ খুশি।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সকল প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সর্বদা জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থভাবে জনকল্যাণে নিয়োজিত।
তিনি আরোও বলেন, বিনাজুড়িপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসন হবে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

| ১৮ নভেম্বর ২০২৬













