গুইমারায় খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
পাহাড়ের অসহায় মানুষের পাশে থেকে মানবতার আলো ছড়িয়ে টানা পাঁচ বছর ধরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সংগঠনটি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন এখন মানবসেবার নির্ভরযোগ্য নাম।
ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার গুইমারা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অন্তত আট শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র হাতে পেয়ে পাহাড়ি সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
গুইমারা ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আরবাড়ী পাড়া, ছনখলা পাড়া, মাইরুং পাড়া, ধলিয়া পাড়া, নতুন পাড়া, পূর্ণবাসন, গাইভিংসা পাড়া, বাইল্যাছড়ি ৩নং রাবার বাগান, নারায়ন পাড়া, বাইল্যাছড়ি ২নং রাবার বাগান, জড়িচন্দ্র পাড়া, তৈমাতাই ১–২–৩ নং রাবার বাগান, চৌক পাড়া, নোয়া পাড়া, খাগড়া পাড়া, ক্যামরুং পাড়া, কলা পাড়া ও ধনীরাম পাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া হাফছড়ি ইউনিয়নের রামসু বাজার এলাকায় ১৩০টি পরিবারসহ সাইংগুলি পাড়া, নারকে পাড়া, বরইতলি, কুকিছড়া, ধর্মগড় পাড়া ও সুবলচন্দ্র পাড়াসহ মোট ৮০০ পরিবারে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, “মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা মানবতার এই যাত্রাকে আরও বিস্তৃত করতে চাই। খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।”
সংশ্লিষ্টরা বলেন, পাঁচ বছরে ধারাবাহিক এই সেবামূলক কার্যক্রম পাহাড়ের মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রত্যন্ত অঞ্চলে মানবতার আলো ছড়িয়ে দেওয়াই তাদের ভবিষ্যৎ অঙ্গীকার।

| ২৪ নভেম্বর ২০২৬














