গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
ফলোআপ
মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামী রিফাত মন্ডল ওরফে সৌরভকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা সদরের নিউ মেরিট কেয়ার কোটিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং নিহত নজরুলের দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত রিফাত ওরফে সৌরভ উপজেলার নাকাই ইউনিয়নের হরিপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পূর্বে নজরুল ইসলামের দোকানে চুরির ঘটনায় এলাকাবাসী রিফাত মন্ডলকে দোষী সাব্যস্ত করে ৬০ হাজার টাকা জরিমানা করে। তারই প্রতিশোধ হিসেবে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী জামায়াত নেতা নজরুলকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে সে আরও জানায়।
গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী জামায়াত নজরুল ইসলামকে একটি মাঠে নিয়ে গিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটক রিফাত মন্ডল ওরফে সৌরভকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং তার সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে তিনি আরও জানান।

| ২৪ নভেম্বর ২০২৬
















