তিন পার্বত্য জেলা হাজারো পুণ্যার্থীদের মিলনমেলা: চিৎমরমে কঠিন চীবর দান সম্পন্ন
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ উৎসবে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা বৃন্দ উৎসবটির আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

উৎসবটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং পিন্ডদান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে বেলা ২টা ১০ মিনিটে মঙ্গলাচারণের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান, সদ্ধর্ম দেশনা, প্রদীপ পূজা এবং সভাপতির সমাপনী ভাষণ ও উৎসর্গের মধ্য দিয়ে ধর্মীয় পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু এবং বিশেষ দায়ক ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
বক্তব্যে প্রধান দায়ক দীপন তালুকদার দিপু বলেন, জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা যেসব উন্নয়ন কাজের দাবি তুলেছেন, সে অনুযায়ী ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।

গেস্ট অব অনার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। কঠিন চীবর দানের মতো এমন পুণ্যময় আয়োজনে হাজার হাজার পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।
কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক থোয়াই হাচিং মারমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমা। এ সময় উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমা, যুগ্ম সদস্য সচিব মংসুইউ মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

| ২৪ নভেম্বর ২০২৬















