বরকল সদরের সাথে সাক্রাছড়ি সংযোগ সেতু নির্মাণে জায়গা পরিদর্শন
মিকেল চাকমা, নিজস্ব প্রতিনিধিঃ
বরকল সদরের সাথে সাক্রাছড়ি সংযোগ সেতু নির্মাণে ডিজাইন ও জায়গা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প পরিচালক মো জাকির হোসেন।
সোমবার (১৭ আগষ্ট) ৩নং আইমাছড়া ইউনিয়নে সাক্রাছড়ি ও বরকল সদরের সংযোগ সেতু নির্মাণের জন্য ডিজাইন ও জায়গা পরিদর্শন করেছেন এলজিইডি প্রকল্প পরিচালক মো: জাকির হোসেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, রাঙ্গামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী,বরকল উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার মো: সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাসহ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, বরকল ও সাক্রাছড়ি ব্রীজটা নির্মাণে মোটামুটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্রিজটি দৈর্ঘ্য ৪শ মিটার হবে।এটি নির্মাণ হলে জুরাছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙ্গামাটি সদরের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপন হবে।
উপজেলা সার্ভেয়ার মো: সাইফুল ইসলাম বলেন, সিএইচটিটু তে বরকল সাক্রাছড়ি ব্রীজটা হবে ডিপিপিতে আছে। ব্রীজটা যাচাই-বাছাই করার জন্য ঢাকা থেকে টিম এসেছে। ব্রীজটা নির্মাণ করলে সড়ক পথে বরকল থেকে রাঙ্গামাটি যাওয়া যাবে। এই সড়ক নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

| ২৩ নভেম্বর ২০২৬










