গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় রাঙামাটির বাঘাইছড়িতে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উপলক্ষে বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশও অনুষ্ঠিত হয়।যেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে নিম গাছ, রঙ্গন, কাটবাদাম, জবা ও রাধা চুরা সহ বিভিন্ন প্রজাতির ঔষুধি গাছ ও ফুলের চারা রোপণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ উপলক্ষে আজ থেকে আরও পাঁচটি ধাপে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কমিটির সদস্য নজরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম।

মা সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিখন দক্ষতা যাচাই, রিডিং স্কিল ডেভেলপমেন্ট, উপবৃত্তি সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং বিদ্যালয়ের সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয় ঘুরে দেখে শিক্ষা পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আমরা বিদ্যালয়ে যেমন গাইডলাইন দেই, অভিভাবকরা বাসায়ও তেমন গাইডলাইন দেবেন। উপবৃত্তি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে বিদ্যালয় সর্বোচ্চ সহযোগিতা করবে, যাতে সকল শিক্ষার্থী বৃত্তির সুবিধা পায়।

প্রধান অতিথি জাবেদুল আলম বলেন, আজকের একটি গাছ আগামীর জীবনের প্রতীক। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে রক্ষা করে। ‘তারুণ্যের উৎসব’ শুধু বিনোদনের উৎসব নয়, এটি দায়িত্ববোধেরও উৎসব। একটি গাছ লাগানো মানে একটি নতুন পৃথিবীর বীজ বপন। আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই ও পরিচর্যা করি সবুজ হোক বাংলাদেশ, সবল হোক ভবিষ্যৎ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খল বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও দায়িত্ব নিতে হবে। বিদ্যালয়ের যে কোনো সমস্যা সমাধানে স্কুল কমিটি সর্বদা পাশে থাকবে।

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবনের স্থান পরিদর্শন

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদের ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।​‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এই সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও এফআইভিডিবি।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সিনিয়র ম্যানেজার সুশোভন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী দয়াল কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোগ্রাম প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন স্পেশালিস্ট মংবাথুই মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের দোরগোড়ায় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে যেসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ আসে, মাঠপর্যায়ে ঠিক সে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দুর্গম পাহাড়ি এলাকার তীব্র সুপেয় পানির সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের অর্জিত সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।​

সভায় বক্তারা প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী জরুরি সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউপি সদস্য (মেম্বার) গণমাধ্যমকর্মীসহ আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং এফআইভিডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×