| ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫০তম কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে দেব-মনুষ্যসহ চক্রবালবাসীর হিত, সুখ, শান্তি ও মঙ্গল কামনায় ১২ ঘণ্টাব্যাপী অভিধর্ম পিটকের মহান পট্ঠান পাঠের আয়োজন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী পর্ব, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা, ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।

দিনব্যাপী ধর্মসভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের গোল্ডেন টেম্পলের অধ্যক্ষ বিরচনা পঞ্ঞা মহাথের। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের রোয়াংছড়ির পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগগাশ্রী মহাথেরো। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী মৈত্রী বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়তিষ্য মহাথের এবং প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সত্যপ্রিয় মহাথের।

এ সময় ভিক্ষুসংঘের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধর্মানন্দ মহাথের, অভয়তিষ্য থের, অগ্রবংশ থের, ধর্মপ্রিয় ভিক্ষু, জ্যোতি লংকার ভিক্ষু, ধাম্মা দীপা ভিক্ষু, বুদ্ধ জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্ত তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ডালিম তঞ্চঙ্গ্যা, নির কার্বারীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও অন্যান্য হেডম্যান।

দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দায়ক-দায়িকা, পূর্ণ্যার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

দুর্গম কালামাইশ্যা বটতলী পাড়ায় কঠিন চীবর দানোৎসব:পাহাড়ে সুপেয় পানি ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জোরালো প্রতিশ্রুতি”

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

চারপাশে দুর্গম পাহাড়ের আঁকাবাঁকা পথ, যোগাযোগের চরম প্রতিকূলতা আর আধুনিকতার ছোঁয়া থেকে দূরে থাকা এক নিভৃত পল্লী—রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীর চন্দ্রঘোনা এলাকার কালামাইশ্যা বটতলী পাড়া। সোমবার (১৬ নভেম্বর) সেই অবহেলিত জনপদেই যেন নেমে এসেছিল আনন্দের প্লাবন। পুণ্যলগ্নে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই পাড়ার ধর্ম সুখা বৌদ্ধ বিহারে উদযাপিত হলো বৌদ্ধদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’।

দিনের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই পাহাড়ের বুক চিরে দলে দলে ছুটে আসেন হাজারো পুণ্যার্থী। বুদ্ধপূজা, সংঘদান ও নানা মাঙ্গলিক অনুষ্ঠানের পর ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে, সেই সুতা নিপুণ হাতে রং করে বোনা পবিত্র চীবর সংঘের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তবে এই ধর্মীয় আচার-অনুষ্ঠানের সীমানা পেরিয়ে এবারের উৎসবটি পাহাড়ি মানুষের বুকভরা আবেগ আর দীর্ঘদিনের জমে থাকা প্রত্যাশা পূরণের এক অনন্য মঞ্চে পরিণত হয়। ​

অনুষ্ঠানের আলোচনা সভায় যখন প্রধান দায়ক হিসেবে বক্তব্য রাখতে দাঁড়ান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা, তখন পুরো বিহার প্রাঙ্গণে পিনপতন নীরবতা নেমে আসে। দুর্গম পাহাড়ে বসবাসকারী এসব সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি নিজেও। এ সময় স্থানীয় দায়ক-দায়িকাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি দেন।

তিনি তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন—”যে পাহাড়ি জনপদের মানুষ আজ কঠিন চীবর দানে এত বড় মহৎ আয়োজনে অংশ নিয়েছেন, আধুনিকতার ছোঁয়া থেকে তারা এখনও অনেকাংশে বঞ্চিত। এই দুর্গম কালামাইশ্যা বটতলী পাড়ায় এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে সুপেয় খাবার পানির তীব্র সংকট এবং বৌদ্ধ বিহারের দোতলায় ওঠার কোনো সুব্যবস্থা না থাকায় বয়স্ক ও পুণ্যার্থীরা চরম কষ্ট ভোগ করছেন।” এরপরই উপস্থিত এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি ফোটাতে তিনি ঘোষণা দেন— খুব শীঘ্রই এই দুর্গম জনপদে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা করা এবং বিহারের সহজে যাতায়াতের জন্য পাকা সিঁড়ি নির্মাণ করার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। নেতার এই আশ্বাসের পর উপস্থিত হাজারো মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার এলাকা; অনেকের চোখেই তখন আনন্দের চিকচিক জল। ​

কালামাইশ্যা বটতলী পাড়া ধর্ম সুখা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উ সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোদালা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের। বিশেষ অতিথি ছিলেন, পলেক্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রিয়া মহাথের। এছাড়া অনুষ্ঠানে পবিত্র পুণ্যময় ধর্মদেশনা পেশ করেন নারাইছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিকা মহাথের।

বক্তারা বলেন, কঠিন চীবর দান কেবল একটি ধর্মীয় প্রথাই নয়; এটি ত্যাগের মহিমা ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। দুর্গম পাহাড়ের এই কঠিন বাস্তবতার মধ্যেও মানুষের মনের উদারতা প্রমাণ করে যে, বিশ্বাস আর ভালোবাসা থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব শান্তি, দেশের সমৃদ্ধি এবং পাহাড়ে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর মানুষের পারস্পরিক সম্প্রীতি ও দীর্ঘমেয়ায়ী শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। চীবর দানোৎসবের এই আয়োজন পাহাড়ি মানুষের জীবনে কেবল ধর্মীয় প্রশান্তিই এনে দেয়নি, বরং দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে উন্নয়নের নতুন আলোর পরশ পাওয়ার এক গভীর আবেগময় প্রত্যাশা জাগিয়ে তুলেছে।

বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৪তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬। রবি ও সোমবার (১৫ ও ১৬)  নভেম্বর দুই দিনব্যাপী এ দানোৎসবের আয়োজন করা হয়। ৩০ কার্তিক ও ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, বেইন বুনন অনুষ্ঠান, সূত্রপাঠ, বুদ্ধপূজা, সংঘদান, ভিক্ষু সংঘের আগমন, উদ্বোধনী সংগীত, কঠিন চীবর দান উৎসর্গ, ধর্মীয় দেশনা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন।

অনুষ্ঠানে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্র গুপ্ত মহাথের, পন্থক ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা,  বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান,শান্তিরায় চাকমা (রায় বাবু), বিহার পরিচালনা কমিটি সভাপতি সমতোষ চাকমা,

সাধারণ সম্পাদক মানিক চাকমা, অর্থ সম্পাদক শান্তি বরন তালুকদার ওয়ার্ড মেম্বার, হেডম্যান – কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শত শত পূর্ণ্যাথী উপস্থিত ছিলেন।  রাইংখ্যং শাখা বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ দানোৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীদের অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, রাইংখ্যং শাখা বন বিহারটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

 

কাপ্তাই ও বিলাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ‘২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে একই বাহিনীর মুক্তি খাতুন প্রথম স্থান অর্জন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারুর পাশাপাশি স্বাগতিক রাঙামাটি জেলা থেকে একজন পুরুষ ও একজন নারী সাঁতারু অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি রাঙামাটির বিএফডিসি ঘাট এলাকায় এসে শেষ হয়।

পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।

অন্যদিকে, নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় এবং একই বাহিনীর পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে দুপুরে রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবনে সাঁতার একটি অপরিহার্য দক্ষতা। সাঁতারের প্রসারে বাংলাদেশ সুইমিং ফেডারেশন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ইতিমধ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রমও শুরু হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।

এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু তৈরি করাই মূল লক্ষ্য।

×