উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪নং-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার পথে তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। তাঁকে স্বাগত জানাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উয়েমং মারমা।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ,চাইন্দাসারা , সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মংছাখই মারমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। তবে শুধু সরকারের প্রচেষ্টায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেন সমান সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।
তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা বলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এ বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষার উন্নয়ন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকা প্রয়োজন।
তিনি সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তাঁর আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরীও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের এ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উদ্যোগের পথ তৈরি হবে। পাশাপাশি পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের আরও কার্যকর সহযোগিতা মিলবে।