রামগড় এসিলেন্ড বাসভবন মেরামত কাজে অনিয়ম, কাজ না করেই বরাদ্দকৃত অর্থ নয়ছয়
সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের অধিনস্থ বাতায়ন ভবন, তৃতীয় শ্রেনীর কর্মচারীদের ডরমিটরি, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন (এক) মেরামত সহ ২০২৪-২০২৫ অর্থ-বছরে, এডিপি’র ৭টি বিশেষ প্রকল্পের মাধ্যমে সরকারি ভবন মেরামতের প্রায় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে বাতায়ন ভবন মেরামতের কাজটা অন্যতম ছিলো। এ ভবন মেরামত কাজ করতে রিফ এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব প্রাপ্ত এ প্রতিষ্ঠান ভবনে দৃশ্যমান কোন কাজ করেননি। কাজ না করেই বিল উত্তোলন দেখানো হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন মেরামতের কাজ করতে ঠিকাদার প্রতিষ্ঠান বাসনা এন্টারপ্রাইজকে দেখানো হয় এবং ডরমেটরি আবাসিক কোয়ার্টার ২, ৪ ও ৫ মেরামতের কাজ দেখানো হয় আর. কে ট্রেডার্স নামে প্রতিষ্ঠানকে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এসব কাজের ম্যাজারম্যান্টে থাকা রামগড় এলজিডি কর্মকর্তা মোঃ নাইমুল ইসলাম ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিষদ প্রশাসক মিসেস মমতা আফরিন নয়ছয় কাজ করিয়ে সরকারি প্রকল্পের প্রায় কোটি টাকা বিল উত্তোলন করতে সহযোগিতা করেছেন এসব ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, রামগড় উপজেলা সহকারী কমিশনার ভূমির বাসভবন বাতায়ন মেরামতের জন্য এডিপি প্রকল্পের আওতায় বরাদ্দ দেখানো হয় প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু বাতায়ন ভবনের কোন দৃশ্যমান কাজই হয়নি।
বাতায়ন ভবন ঘুরে আরো দেখা যায়, দেওয়াল খঁসে খঁসে পড়ছে। ছিলিং ফেটে গেছে। ভবনের ১ম তলার একটি রুমে হালকা কাজ দেখানো হলেও তা দৃশ্যমান ছিলো না। আংশিক কিছু কাজের মধ্যে দেখা যায় একটি রুমে টাইলস বসানো হয়। ২য় তলা এসিলেন্ড রুমের থাই গ্লাস ও ভবনের পিছনে একটি সেপ্টি টাংকি করা হয়। সরকারি আয়কর, ভ্যাট সহ যাহার মুল্য আসতে পারে ৩ লক্ষ টাকার মতো। বাকি প্রায় ৭ লক্ষ টাকাই নয়ছয় করা হয়েছে।
এদিকে পিআইও অফিসের স্টাফ জয়নাল আবদ্দিন বলেন, বাতায়ন ভবনের ১ম তলাতে আমাদের স্যার মোশারফ হোসেন থাকে ঐরুমে আমাদের অফিসের খরচ দিয়ে টাইলস বসানো হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন মেরামতের কাজ করার জন্য দেখানো হয় বাসনা এন্টারপ্রাইজকে। এখানেও বরাদ্দ দেখানো হয় প্রায় ১০ লক্ষ টাকা। এতেও দৃশ্যমান কোন কাজ না করেই বরাদ্দের টাকা নয়ছয় করা হয়েছে। স্টাফ কোয়ার্টার মেরামতের জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় আর, কে ট্রেডার্স প্রতিষ্ঠানকে। স্টাফ কোয়ার্টারও কোন কাজ দেখা যায়নি।
এদিকে উল্লেখিত ঠিকাদার প্রতিষ্ঠাগুলোকে কাজের বিষয় জানতে ফোন করা হলে রিসিভ না হওয়াতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা জানান, আগে এসব অনিয়মের সাথে জড়িত ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ। ৫ আগষ্টের পরে পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইউএনও মমতা আফরিন। তিনি গত ১০ মাস দায়িত্ব পালন করে এসব আকাম করেছেন। চুরি মানুষ করে কিন্তু পূর্ণাঙ্গ কাজ না করে কিভাবে ঠিকাদারকে বিল পেমেন্ট করা হয়। ১০০% কাজের মধ্যে যদি ৫০% হলেও মানা যায়। কিন্তু তাও করা হয়নি। সরকারি অর্থ হরিলুট করা হয়েছে বলে এবিষয়ে তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেন এ কর্মকর্তা।
রামগড় উপজেলা এলজিডি কর্মকর্তা মোঃ নাইমুল ইসলাম এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এবং সাংবাদিকরা কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে যান।
বাতায়ন ভবনে থাকা রামগড় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শুনেছি বিল্ডিং এ গত ২ মাস আগে নাকি মেরামত করা হয়েছে। কই কাজ করলো কি কাজ করলো আমি দেখতে পাইনি। আমি যে রুমে থাকি সে রুমের অবস্থাটাও খুবই নাজুক।
উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, আমার কাজ হচ্ছে বিল আসলে তা দেখে পেমেন্ট করা। কাজের অনিয়ম হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সিএইচটি বার্তা ডট কম এর প্রতিবেদককে জানান, কাজের অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

| ৭ নভেম্বর ২০২৬













