রুমা সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগে বান্দরবান-রুমা যাত্রী ও স্থানীয়রা
মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান থেকে রুমা উপজেলার সংযোগ সড়কের অবস্থা এখন অত্যন্ত বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে ১২ মাইল ওয়াই জংশন বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার নিচের অংশজুড়ে রাস্তা এতটাই খারাপ হয়ে পড়েছে যে, প্রতিদিন যাত্রী, স্থানীয় মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কটির সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনো কার্যক্রম বা উদ্যোগ নিতে দেখা যায়নি। বর্ষার সময় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে সড়কের মাটি ধসে গর্ত সৃষ্টি হয়েছে রাস্তাজুড়ে। এতে ছোট-বড় যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরো সড়কটিতে।

রুমা উপজেলা ও বান্দরবান সদর থেকে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানান, ১২ মাইল থেকে রুমা পর্যন্ত রাস্তার কয়েকটি জায়গায় এমন অবস্থায় গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন চলাচলে সড়কের মাঝখানে যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে যায়। কখনো কখনো যাত্রীদেরকে নামিয়ে গাড়ি ঠেলতে লক্ষ্য করা গেছে।
এই রাস্তা দিয়ে রুমা বাজার, বগালেক, রিঝুক ঝর্ণা, মুনলাই পাড়া, কেওক্রাডংসহ জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ একমাত্র মাধ্যম। ফলে শুধু স্থানীয় নয়, পর্যটকদেরও ভোগান্তিতে পোহাতে হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবহন শ্রমিকরা জানান, সড়কটি দ্রুত সংস্কার ও উন্নয়নের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, বান্দরবান-রুমা সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগে একমাত্র এই সড়কটি। যাতে এই সড়কটি অনতিবিলম্বে দ্রুত সংস্কার না করলে চলাচলের জন্য সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা এবং পরিবহন শ্রমিকরা।

| ৮ নভেম্বর ২০২৬











