রাজস্থলীর ১২ কেন্দ্রে সরঞ্জাম ও জনবল পৌঁছেছে, কঠোর নিরাপত্তায় প্রস্তুত ভোটগ্রহণ
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত জনবল সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নির্ধারিত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আগেভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন। তারা কেন্দ্রভিত্তিক প্রস্তুতি যাচাই-বাছাই করে ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করছেন। নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও ব্রিফিংও প্রদান করা হয়েছে।

এবার রাজস্থলী উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তার চাদরে আবৃত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং পর্যাপ্ত সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে এবং মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উর্ধ্বতন কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণের আওতায় থাকবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভোটের দিন কেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নজরদারি থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা প্রস্তুত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

এদিকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাররা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের প্রত্যাশা ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে।

সবমিলিয়ে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজস্থলী উপজেলা এখন পুরোপুরি প্রস্তুত। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই সবার।






