গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম:

বন্যাকবলিত আলীকদমে ১৮৭ পরিবারের পাশে সেনাবাহিনী

বন্যাকবলিত আলীকদমে ১৮৭ পরিবারের পাশে সেনাবাহিনী

‎
‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
‎
‎বান্দরবানের আলীকদমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৭টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী (৩১ বীর) আলীকদম সেনা জোন।
‎
‎মঙ্গলবার (তারিখ প্রযোজ্য) আলীকদম সেনা জোনের উদ্যোগে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি,পিএসসি। বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে তিনি নৌকাযোগে দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর হাতে নিজেই ত্রাণসামগ্রী তুলে দেন।
‎
‎সেনা সূত্রে জানা গেছে, টানা বর্ষণে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম শুরু করে আলীকদম সেনা জোন।
‎
‎প্রথম ধাপে রোয়াম্ব পাড়ার ৪০টি, আব্বাস কারবারি পাড়ার ৯৭টি, খুল্লামিয়া পাড়ার ২০টি এবং মংচা পাড়ার ৩০টি পরিবারসহ মোট ১৮৭টি পরিবার এ সহায়তা পেয়েছে। সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎ত্রাণ বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
‎
‎ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে জানায়, দুর্যোগের এই সময়ে দ্রুত খাদ্যসহায়তা তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‎
‎আলীকদম সেনা জোন জানিয়েছে, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বন্যাকবলিত আলীকদমে ১৮৭ পরিবারের পাশে সেনাবাহিনী

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার অহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোরশেদ ভূঁইয়া মিঠুসহ অন্যান্যরা।

সভায় বক্তারা রামগড় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাঙ্গালহালিয়া হিন্দু সনাতন রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের তিন দিন ব্যাপী মহানামযঞ্জ অনুষ্ঠান

বন্যাকবলিত আলীকদমে ১৮৭ পরিবারের পাশে সেনাবাহিনী

 

বিশেষ প্রতিনিধি, রাঙামাটি :

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দু সনাতন শ্রী শ্রী রাধা মদন গোপাল গিড়িধারী সেবাকুঞ্জের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ১০৮ চরণ দাস বাবাজি মহারাজের শিষ্যবগ এবং ভক্ত বৃদ্ধের সম্মিলিত উদ্যোগে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট লীলা স্মরণোৎসব এবং শুরু মহারাজের চতুর্থ তিরোভাব তিথি উপলক্ষে তিনি দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে অষ্টপ্রহর ব্যাপী মহানামযঞ্জ ২৩শে নভেম্বর সোমবার সম্পন্ন হয়েছে।

মহানামযঞ্জ উপলক্ষে মহতী ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।২১শে নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি, শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি মহন্ত মহারাজ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পংকজ ভূষন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, ডাঃ রেনেনজুই, রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের উপদেষ্টা অরুন সেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুঞ্জের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি জিকু কুমার দে। অনুষ্ঠান পরিচালনা করেন গিরিধারী গীত বিদ্যাপীঠের শিক্ষক বিপ্লব মল্লিক।

আলোচনা সভার পূর্বে সকাল থেকে শ্রী শ্রী গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজস্থলী উপজেলার প্রতিটি মঠ মন্দিরের গীতা স্কুলের ছাত্র -ছাত্রীরা অংশগ্রহণ করেন। আগত গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ হয়।উক্ত অনুষ্ঠানে আগত শত শত ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহা প্রসাদ বিতরণ করা হয়।

রাঙামাটিতে সৌরবিদ্যুৎ চালিত কোল্ড স্টোরেজ নির্মাণে চুক্তি স্বাক্ষর

বন্যাকবলিত আলীকদমে ১৮৭ পরিবারের পাশে সেনাবাহিনী

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নামে এ হিমাগারটি নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রো-গ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের (M/S Shaing Shaing U Construction) প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্পের ফোকাল পারসন অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, কোল্ড স্টোরেজটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় অনেকাংশে কমে আসবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সহজে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করতে পারবেন। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

তিনি আরও জানান, সাক্রাছড়িতে স্থাপিত এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় সৌরশক্তিচালিত কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতি, কৃষিপণ্য সংরক্ষণ এবং স্থানীয় উদ্যোক্তা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

×