বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নূর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা। এছাড়া বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসান আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন, ইভটিজিং, বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং পূজার সময় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাঘাইছড়িতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।