থানচিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ক্ষুদে শিক্ষার্থীরা
চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের থানচিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের শিক্ষার্থীরা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় প্রতিষ্ঠানটির শিক্ষা প্রকল্পের আওতায় রোওয়া ক্যং প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। এ সময় থানচি বাসস্টেশন, সাঙ্গু সেতু, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও কলেজ এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অভিযানের পাশাপাশি এলাকাবাসীকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা পরিষ্কার রাখা এবং নালা-নর্দমা পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মংশৈনু মারমা, মো: জসিম ও নুয়ইচিং মারমাসহ অনেকে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সুন্দর ও বাসযোগ্য জনপদ গড়ে তোলার জন্য নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করার অন্যতম শর্ত। শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে গড়ে তোলা প্রয়োজন।
অভিযানের হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোওয়া ক্যং প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা বলেন, শিক্ষা প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলোতে প্রতি সপ্তাহে এক দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীকে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখে না; বরং বাস্তব জীবনে সামাজিক দায়িত্ব পালন, দলগতভাবে কাজ করা, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং নিজ নিজ এলাকার প্রতি দায়িত্বশীল হয়ে ওঠার সুযোগ তৈরি করে।
এসময় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে রোওয়া ক্যং প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বিদ্যাপূর্ন চাকমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সুপারভাইজার হালিরাম ত্রিপুরা, কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা প্রমূখ।
এছাড়াও শিক্ষিকা চেরি ত্রিপুরা, শিক্ষিকা হ্লায়ইচিং মারমাসহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন।

| ৭ নভেম্বর ২০২৬












