দিঘীনালায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করল হিল ভিডিপি
রুপম চাকমা, দিঘীনালা উপজেলা প্রতিনিধি :
মানবতার সেবায় এবং এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বেতছড়িতে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে হিল ভিডিপির সদস্যরা।
সোমবার ১৬ নভেম্বর, হাজাছড়া, ক্ষেত্রপুর,
ধন্যমাছড়াও বাচাঁমরংসহ চারটি গ্রামে প্রায় ৪হাজার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব করতে হিল ভিডিপির সদস্যরা নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে মাইনি নদীতে এ বাঁশের সাঁকো নির্মাণ করেন। এতে হিল ভিডিপি সদস্যদের পাশাপাশি এলাকাবাসির পক্ষ থেকে ও সাকোঁ নির্মাণের কাজে অংশ গ্রহন করেব।
সাঁকোটি নির্মাণের ফলে স্থানীয় ছাত্র ছাত্রী ও বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন এলাকাবাসী।

বিশেষ করে শিশু, শিক্ষার্থী, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে সাঁকোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্হানীয় পাগুজ্জাছড়ি গ্রামের কার্বারী লক্ষী কুমার জানান, জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে হিল ভিডিপির সদস্যদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই মানবিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হিল ভিডিপি সদস্যরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাজের মানুষের দুর্ভোগ লাঘব, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে তারা স্বেচ্ছাশ্রমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে হিল ভিডিপির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হিল ভিডিপির সদস্যদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই বিষয়ে বেতছড়ি প্লাটুন কমান্ডার এপিসি মো. খোরশাদ আলম বলেন, “আমরা সরকারিভাবে মাত্র ৩ হাজার টাকা বেতনে চাকরি করি। এই সামান্য বেতনে দায়িত্ব পালন করা আমাদের জন্য বেশ কষ্টকর। সরকার যদি আমাদের বেতন কিছুটা বাড়িয়ে দেয়, তাহলে ভিডিপির সদস্যরা আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারবেন।

তিনি আরও বলেন, ভিডিপির সদস্যরা মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিতে আগ্রহী। তবে তাঁদের কাজের স্বীকৃতি ও আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিডিপি সদস্যদের দাবি, তাঁদের দায়িত্ব ও শ্রমের যথাযথ মূল্যায়ন করে সম্মানজনক ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

| ১৭ নভেম্বর ২০২৬











