রাজস্থলীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা
উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের স্পেশাল ফুড সিস্টেম প্রোগ্রামের কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কো-অর্ডিনেটর রমেশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।
প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভৌগোলিক দূরত্ব, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাই এসব মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সুফল ধরে রেখে ভবিষ্যতেও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক নুরজামান, ইউপি সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ফিল্ড কো-অর্ডিনেটর সাধন তঞ্চঙ্গ্যা, জগদীশ চাকমা, রক্সি তঞ্চঙ্গ্যা, মিমি মারমা, প্রমিতা তঞ্চঙ্গ্যা, বেবী তঞ্চঙ্গ্যা, মিথুইনু মারমা ও হলামেউ মারমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং প্রকল্পের উপকারভোগীরা।
সভায় প্রত্যাশা করা হয়, প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজস্থলীর প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

| ২৪ নভেম্বর ২০২৬















