গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রাঙামাটি-বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ উল্টে দুর্ঘটনায় প্রাণ হারালেন খোকন

রাঙামাটি-বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ উল্টে দুর্ঘটনায় প্রাণ হারালেন খোকন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় দুগ্ধজাত পণ্য বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবুল খায়ের গ্রুপের দুগ্ধ সামগ্রী নিয়ে পিকআপ ভ্যানটি বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। ​আহতদের প্রথমে দ্রুত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুজনের অবস্থারই অবনতি হতে থাকলে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। এরপর বিকেল ৫টার পর তাদের রাঙ্গুনীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক খোকন দে (৪৫)-কে মৃত ঘোষণা করেন। তিনি অজিত দে-এর ছেলে। আহত অপর ব্যক্তি হলেন আমজাদ হোসেন (৬০) (পিতার নাম অজ্ঞাত)।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহত উভয়ের বাড়ি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনীয়ার শিলক গ্রামে। ​দুর্ঘটনায় একজন প্রাণ হারানোর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, আহত অবস্থায় গাড়ির চালককে পুলিশ হেফাজতে বা গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আটক

রাঙামাটি-বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ উল্টে দুর্ঘটনায় প্রাণ হারালেন খোকন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো এবং সরাসরি বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাদাৎ হোসেন দীর্ঘ প্রায় এক মাস ধরে ওই নারীকে মেসেঞ্জারে অশালীন ভাষায় বিভিন্ন বার্তা পাঠিয়ে আসছিলেন। তবে ওই নারী তার বার্তার কোনো জবাব না দেওয়ায় বৃহস্পতিবার সকালে সরাসরি তার বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মেসেঞ্জারে কেন সাড়া দেওয়া হচ্ছে না, তা নিয়েও ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। একপর্যায়ে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর ৯৯৯-এ কল পাওয়ার পর লোকেশন শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারাতে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হবে।

সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা

রাঙামাটি-বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ উল্টে দুর্ঘটনায় প্রাণ হারালেন খোকন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনমানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো এবং স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, এম এন আবছার, মোশাররফ হোসেন, আব্দুল মালেক মিন্টু, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ইঞ্জিনিয়ার ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, অ্যাডভোকেট রিপল চাকমা এবং শান্তিপ্রিয় চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

থানচিতে ৬০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি-বান্দরবান সড়কে দুগ্ধবাহী পিকআপ উল্টে দুর্ঘটনায় প্রাণ হারালেন খোকন

 

চিংথোয়াই অং মার্মা,
থানচি (বান্দরবান) প্রতিনিধি:

শীতের আগমনে দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবানের থানচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পর্যটক গাইড সংশ্লিষ্টরা। থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে ৬০টি হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগী ৬০টি পরিবারের প্রত্যেকের হাতে একটি করে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের শীতকালীন দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতির সভাপতি জওয়াইপ্রু মারমা (জয়) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশে), থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা (অনুপম), কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা প্রমূখ। এছাড়াও থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ক্লেমেন্ট ত্রিপুরাসহ উপকারভোগী ও গাইড সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার অনেক দরিদ্র পরিবার শীত মৌসুমে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়ে। বিশেষ করে হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পক্ষে প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা কঠিন হয়ে ওঠে। শীতের তীব্রতা বাড়ার আগেই এসব পরিবারের পাশে দাঁড়ানোকে গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় পর্যটক গাইড সংশ্লিষ্টরা।

×