সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমার সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক মতবিনিময় সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনমানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো এবং স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় মানুষের চাহিদা, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, এম এন আবছার, মোশাররফ হোসেন, আব্দুল মালেক মিন্টু, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, কুহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সিমা, ইঞ্জিনিয়ার ক্যরী মগ, মংসাপ্রু চৌধুরী, অ্যাডভোকেট রিপল চাকমা এবং শান্তিপ্রিয় চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

| ২৬ নভেম্বর ২০২৬













