গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের একটাই দাবি— দ্রুত জাতীয়করণ

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের একটাই দাবি— দ্রুত জাতীয়করণ

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি। দুর্গম উঁচু-নিচু পাহাড় ও অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে বহু গ্রাম এখনো মূল ধারার শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে। এমনই একটি প্রত্যন্ত পাড়া হলো বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গবাইছড়ি পাড়া। দীর্ঘদিন শিক্ষা থেকে বঞ্চিত এই এলাকার শিশুদের জন্য আশার আলো নিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছে “গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়”।

সরজমিনে গিয়ে দেখা যায়,,প্রায় ৬৫টি পরিবারে ৩৭০ জন মানুষ বসবাস করে এই গবাইছড়ি পাড়ায়। এর মধ্যে ৬০-৭০ জন শিশু দীর্ঘদিন ধরে মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। পাড়ায় কোনো প্রাক-প্রাথমিক বা প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুদেরকে অনেক দূরে শুক্কুরছড়ি বা ফারুয়া এলাকায় হেঁটে যাওয়া ছাড়া উপায় ছিল না। দারিদ্রতা, দীর্ঘ পথ ও দুর্গমতার কারণে অধিকাংশ শিশুই পড়াশোনা থেকে ঝরে পড়তো।

এ অবস্থায় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডারের নির্দেশে গবাইছড়ি এলাকায় একটি বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এডহক ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অক্লান্ত প্রচেষ্টায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হয়। একই বছরের ৪মে বিদ্যালয়টির উদ্বোধন করেন কমান্ডার, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৪৪ জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রতিদিন সকাল বেলায় জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে কোমলমতি শিশুরা জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” গেয়ে দিন শুরু করে।

গ্রামের প্রধান (কারবারি) জানান, পাকিস্তান আমলেও এলাকায় বিদ্যালয় ছিল। তবে ১৯৮০ সালের দিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক সংঘাতের কারণে বিদ্যালয় ও গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বহু বছর পরে আবারও সেনাবাহিনীর উদ্যোগে বিদ্যালয় ফিরে আসায় স্থানীয়দের আনন্দের সীমা নেই।

তিনি আরো বলেন, “আগে আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা অ-আ-ক-খ পর্যন্ত জানতো না। আজ সেনাবাহিনী স্কুল তৈরি করায় শিশুরা আবার লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এতে আমরা সবাই অত্যন্ত খুশি।”

এলাকাবাসী জানান, আমাদের পাড়ায় গবাইছড়ি পাহাড়ের শীর্ষে অবস্থিত এবং পাশ দিয়ে প্রবাহিত হয়েছে রাইংক্ষণ খাল। ফলে এ এলাকা অনেকটাই বিচ্ছিন্ন ছিল। সেনাবাহিনীর উদ্যোগে খালের ওপর গবাইছড়ি ব্রিজ নির্মাণের মাধ্যমে এলাকাটির সঙ্গে পার্শ্ববর্তী জনপদের সেতুবন্ধন তৈরি হয়। এর ফলে বিদ্যালয়ে আসা-যাওয়া এখন সহজ হয়েছে।

তারা আরো বলেন,,‌বিদ্যালয় পরিচালনার সমস্ত ব্যয়ভার বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বহন করছে। স্থানীয়দের মধ্য থেকে তিনজন শিক্ষক, দুইজন শিক্ষিকা ও একজন দপ্তরী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাসিক বেতনও সেনাবাহিনী প্রদান করছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বই ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে, যা স্থানীয়দের কল্পনারও বাইরে ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই এলাকার শিশুদের প্রতিদিন শুক্কুরছড়ি বা বিলাইছড়ি শহরে যাতায়াত করে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। সেনাবাহিনী আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে।”

একজন অভিভাবক আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ছোটবেলায় অনেক দূরে গিয়ে প্রাথমিক শিক্ষা নিয়েছি, কিন্তু কষ্টের কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। আজ আমার ছেলে-মেয়েরা ঘরের কাছেই লেখাপড়ার সুযোগ পাচ্ছে—এটি আমাদের জন্য সত্যিই আশীর্বাদ।”

রাঙ্গামাটি জেলার সীমান্ত সড়ক প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “গবাইছড়ি অত্যন্ত দুর্গম হওয়ায় এখানকার শিশুদের মৌলিক শিক্ষার অধিকার দীর্ঘদিন উপেক্ষিত ছিল। পাড়াবাসীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করায় বিদ্যালয়টি স্থাপন সম্ভব হয়েছে। এখন প্রতিদিন জাতীয় পতাকা উড়িয়ে শিশুদের জাতীয় সংগীত গাওয়া আমাদের গর্বিত করে।”

এখন স্থানীয়দের একটাই দাবি—বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণ করা হোক। তাদের বিশ্বাস, জাতীয়করণ হলে এ বিদ্যালয়ের স্থায়িত্ব নিশ্চিত হবে এবং শিশুরা অব্যাহতভাবে শিক্ষার আলো পাবে।

কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের একটাই দাবি— দ্রুত জাতীয়করণ

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটি কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাই ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত অফিস কাম ডরমিটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণ এবং মাতৃগাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাতৃগাছ থেকে অধিক পরিমাণে উন্নত জাতের চারা ও কলম উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।​

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের এসডিজি গ্রাম হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা ভ্রমণ করেন। সেখানে তিনি হর্টিকালচার সেন্টার কাপ্তাইয়ের সৌজন্যে স্থানীয় কৃষকদের মাঝে মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের উচ্চ ফলনশীল জাতের সবজি চারা এবং কফি ও কাজুবাদামের চারা বিতরণ করেন।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক বলেন, উন্নত ও উচ্চ ফলনশীল জাতের সবজি এবং অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হতে পারবেন। এর মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের চারা ব্যবহারের সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের একটাই দাবি— দ্রুত জাতীয়করণ

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ক্ষয়ক্ষতি হ্রাস এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও কার্যকর করতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন পরিভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবনের স্থান পরিদর্শন

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের একটাই দাবি— দ্রুত জাতীয়করণ

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।

মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×