রাঙামাটিতে কর্মবিরতি পালন করছে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা, ৭৫ শতাংশ বোনাস ও শিক্ষা ব্যবস্থার জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সেখানে আনদোলনরত শিক্ষক কর্মচারীদের উপর লাঠিপেঠা ও হামলা করা হয়। তারই প্রতিবাদে রাঙামাটি জেলায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা শিক্ষক মিলনায়তনে বসে রয়েছেন। দাপ্তরিক কার্যক্রম চলমান থাকলেও বন্ধ রয়েছে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম।
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র রনেল চাকমা ও ১০ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আর্যধন চাকমা বলেন, ঢাকার সমাবেশে স্যারদের উপর হামলা হয়েছে। তার প্রতিবাদে আজ থেকে বিদ্যালয়ের স্যারেরা কর্মবিরতি পালন করছেন। স্কুলে ক্লাস হবেনা তাই বাড়িতে ফিরে যাচ্ছি। কখন ক্লাস হবে স্যারেরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে জানাবেন।
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক বলেন, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা, ৭৫ শতাংশ বোনাস ও শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে ও দাবি আদায়ের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি চলছে।
সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আমরা বিদ্যালয়ে অবস্থান করবো এবং দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে কিন্তু শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। একই কথা জানিয়েছেন বরকল উপজেলার বিলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঘ্নবিনাসন চাকমা।
রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা শিক্ষকদের কর্মবিরতি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচি পালনকালে শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে পুরো জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক- কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। অনিদির্ষ্টকালে কর্মবিরতি কমানো যায় কিনা শিক্ষক নেতাদের সাথে আলোচনা করা হবে বলে জানান তিনি।

| ২৩ নভেম্বর ২০২৬










