| ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : 

​পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের (১১ আর ই) উদ্যোগে আয়োজিত ‘এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত রবিবার (৮ নভেম্বর) জীবতলী আর্মি ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মিরাজ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কেবল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতার বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে আসার এবং নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে এলাকার মোট ২৭ জন বেকার যুবক অংশগ্রহণ করেন। দীর্ঘ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ ও মেরামতের ওপর নিবিড় ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কল্যাণমুখী ও যুগোপযোগী উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।

দিঘীনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা সড়ক দুর্ঘটনায় নিহত

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

দীঘিনালা সড়কের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেল আরোহী নিরুপনকে চাপা দেওয়ার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাইকাররা গাড়িটিকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায় কিসলু বলেন, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাওয়ার পথে কৃষি গবেষণা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিরুপন চাকমা গুরুতর আহত হয়। ঘটনাস্থলে তার মৃত্য হয়।

তিনি এ সময় আরো জানান, তাকে চাপা দেওয়ার পর গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আটকের পর গাড়ি ও চালক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। নিহতের লাশ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রয়েছে।

রামগড়ে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কাছাকাছি বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামগড় সদর ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের খুব কাছাকাছি বজ্রপাত হলে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রায় ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করে। তবে তাদের শারীরিকভাবে গুরুতর কোনো ক্ষতি হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শিশুদের আনন্দ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে অজিত কুমার তনচংগ্যা পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ

 

 রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

“আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আর তাদের সুস্থ শৈশব নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব”। এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে কাপ্তাইয়ের গ্রামীণ জনপদের শিশুদের মাঝে খুশির জোয়ার বইয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা পরিবার। নিজ পরিবারের পক্ষ থেকে তিনি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার আনন্দ ছড়িয়ে দিতে ফুটবল এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুপেয় পানির ফিল্টার উপহার হিসেবে প্রদান করেছেন।

​সোমবার (৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন ও প্রাণবন্ত অনুষ্ঠানে এই উপহারসামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের শিশুদের দৈনন্দিন ছোট ছোট চাহিদাগুলোর প্রতি এমন আন্তরিক খেয়াল রাখা এবং তাদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। উপহার সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষময় তনচংগ্যার, আরও উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক উমা চাকমা, জয়ন্তী তনচংগ্যা, সূর্য্যসেন তনচংগ্যা, ঝরণা তনচংগ্যা ও শান্ত তনচংগ্যা। শিক্ষকদের এই সরব উপস্থিতি পুরো আয়োজনটিকে এক পারিবারিক মিলনমেলায় রূপ দেয়।

অনুষ্ঠানে বক্তারা অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে বলেন, পাহাড়ের এই জনপদের শিশুরা নানা প্রতিকূলতার মাঝে বড় হয়। পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং শারীরিক সুস্থতার জন্য নিরাপদ পানীয় জলের সরবরাহ অত্যন্ত জরুরি ছিল। অজিত কুমার তনচংগ্যার এই সময়োপযোগী ও মহতী উপহার শুধু কিছু বস্তুগত সামগ্রী নয়, বরং এটি প্রমাণ করে যে সমাজের বিত্তবানরা একটু ইচ্ছা করলেই আমাদের কোমলমতি শিশুদের জীবনযাত্রার মান বদলে দিতে পারেন। এই উপহার বিদ্যালয়টির শিশুদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

নিজের জন্মভূমি ও এলাকার মাটির টানে, বিশেষ করে শিশুদের প্রতি অগাধ ভালোবাসা থেকেই পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছেন বলে জানান সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা। তাঁর মতে, শিশুদের চোখে এই আনন্দের ঝিলিক দেখার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।​সমাজের এই ধরনের নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগগুলোই পারে নতুন প্রজন্মকে আরও স্বপ্ন দেখাতে এবং একটি আলোকিত ও সুস্থ সমাজ গড়তে। এমন শিক্ষাবান্ধব ও হৃদয়গ্রাহী কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল, অভিভাবক ও সুধীসমাজ।

×