জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মো. মীর হোসেন-এর উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিতে উপজেলা জাতীয়তাবাদী বিএনপি, কৃষকদল, ওলামা দল, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার আমতল ও মহামুনি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, “স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর আওয়ামী লীগ সরকার কর্তৃক বাকশাল গঠন এবং রক্ষীবাহিনী সৃষ্টি করে বুদ্ধিজীবী হত্যার যে নীলনকশা তৈরি করা হয়েছিল, তা নস্যাৎ করেছিলেন। এটি সম্ভব হয়েছিল সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মাধ্যমে”।

তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, বরং রণাঙ্গনে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন। দেশ ও জাতির অন্তিম মুহূর্তে তিনি যে বিপ্লব ঘটিয়েছিলেন, জনতার সংহতির মাধ্যমে সেই কঠিন অবস্থা থেকে দেশ মুক্তি পেয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন-পরবর্তী দেশ গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের গড়া এ দেশের গণমানুষের দল বিএনপি আবারও দেশের সংকট দূর করতে বদ্ধপরিকর। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান এখন দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করছেন। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরেরা এখনও নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সর্বদা সতর্ক থাকতে হবে।
পথসভায় উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

| ৮ নভেম্বর ২০২৬











