মানিকছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ আ. লীগের হামলা, আহত ৫ : আশঙ্কাজনক ৩ জন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
গত শুক্রবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নালের ছোট ভাই আমির হোসেনকে আটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে জয়নালের আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের সমর্থকেরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালান। হামলাকারীরা একপর্যায়ে আমির হোসেনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিব অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় সাপমারা এলাকায় ৭ নভেম্বরের কর্মসূচি উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা একটি প্রস্তুতি ও আলোচনা সভা করছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিএনপির নেতাকর্মীরা আমির নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটকে রাখলে, পরবর্তীতে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হামলা চালিয়ে পাঁচজনকে রক্তাক্ত ও আহত করে। হামলায় আহতদের মধ্যে শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০) এর নাম জানা গেছে।
বিএনপি সভাপতি হাবিব জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

| ৮ নভেম্বর ২০২৬











