খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এছাড়া রাস্তার পাশের জানালাতেও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। আকস্মিক এই ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে ঘরবাড়ির বড় কোনো ক্ষতি হয়নি।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

| ২২ নভেম্বর ২০২৬











