দীঘিনালায় ১ তম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা সমাপনী অনুষ্টান সম্পন্ন
রুপম চাকমা, দীঘিনালা :
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে ১ তম স্কাউট লিডার কোর্স-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার ২২টি বিদ্যালয়ের মোট ৪০ জন স্কাউট লিডার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুন্দর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী এবং উপজেলা স্কাউটসের কমিশনার মো. এ কে এম বদিউজ্জামাল।

আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ ধরনের প্রশিক্ষণ ও কর্মসূচির মূল উদ্দেশ্য। তিন দিনব্যাপী লিডার কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম, নেতৃত্ব ও স্কাউটিংয়ের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্কাউট লিডাররা বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা প্রদর্শন করেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

| ২৪ সেপ্টেম্বর ২০২৬
















