বাঘাইছড়িতে ২ লাখ ৯৭ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ
আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট বিদেশি ‘উইন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও’র কাছে এক লাখ টাকা দাবি, আটক ১
সাইফুল ইসলাম, রামগড় :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে ভালো জায়গায় বদলি ও পোস্টিং করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই হিসেবে পরিচয় দেন। এরপর ইউএনও-কে সুবিধাজনক ও ভালো স্থানে বদলি বা পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করেন। তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় উপজেলা প্রশাসন। এরপর রেজাউল করিমকে আটক করে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “ওই ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তার দেওয়া পরিচয়ের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Hacked by CoupDeGrace

বাঘাইছড়িতে ২ লাখ ৯৭ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ

