| ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের উদ্যোগে আয়োজিত ১২ দিনব্যাপী মিডওয়াইফারি (ধাত্রীবিদ্যা) ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৬৭ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৩৪ জন পাহাড়ি এবং ৩৩ জন বাঙালি। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রত্যন্ত পাহাড়ি এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করা।

জুরাছড়ি জোনের জোন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন কায়সার আহমেদ শোভন এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এতে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নবজাতকের যত্ন, স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ৬৭ জনের মাঝে সনদপত্র বিতরণ করেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার আলম, পিএসসি। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক, প্রশিক্ষক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান ও সীমিত যোগাযোগব্যবস্থার কারণে প্রত্যন্ত এলাকার নারী ও শিশুরা অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এসব এলাকায় বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের পরিবার ও সমাজে মাতৃস্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, স্বাস্থ্যবিধি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবেন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও তাঁরা সহায়ক ভূমিকা পালন করতে পারবেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জুরাছড়িতে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রম দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার সক্ষমতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

 

রিপন মারমা, কাপ্তাই, (রাঙামাটি) প্রতিনিধি : 

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান—শুভ কঠিন চীবর দানোৎসব পৃথক দুটি বিহারে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ) কাপ্তাইয়ের বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তমএবং লেমুছড়ি বৌদ্ধ বিহারে অষ্টমতম কঠিন চীবর দানোৎসব ও ১ম মাহা পট্ ঠান সুত্রপাঠ অনুষ্ঠিত হয়।বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত চীবর দানোৎসবে প্রধান অতিথি ছিলেন, পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত আগ্গশ্রী মহাথের, প্রধান দায়ক রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা ও  তিমথী খিয়াং এবং মিসেস প্রেমা তালুকদার।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, সদ্ধর্ম আলোচনা, চীবর দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা। এতে আশীর্বাদক ও ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘমারা অপ্রমাদ অরণ্য ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত শাক্যজ্যোতি থের এবং কিলাছড়ি সার্বজনীন বিদর্শন ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু।

অন্যদিকে, লেমুছড়ি বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের আয়োজনে ৮ম তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব এবং ১ম তম মহা পট্ঠান সূত্রপাঠ অনুষ্ঠিত হয়। লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছাইন্দাসারা স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের। বিশেষ অতিথি ছিলেন পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা পেশ করেন ভদন্ত নাইন্দা ওয়াইন্সা মহাথের।

অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা। উভয় অনুষ্ঠানেই পুণ্যার্থীরা কঠিন চীবর দানের মাহাত্ম্য শ্রবণ করে আত্মশুদ্ধি অর্জন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হাসান

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তোফাজ্জল হাসান হিরুসহ পাঁচজন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচারিক ম্যাজিস্ট্রেটরা রাঙামাটি থেকে স্পিডবোটযোগে বিলাইছড়ি থানায় পৌঁছান। এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি তাঁদের স্বাগত জানান। পরে তাঁরা থানায় আয়োজিত সন্ধ্যাকালীন  নৈশভোজে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তাঁরা পুনরায় বিলাইছড়ি থানায় উপস্থিত হন। সময় থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তাঁরা থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারে স্বাক্ষর করেন।

কাপ্তাইয়ে কারিগরি শিক্ষায় স্বস্তির হাওয়া বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস

দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

পাহাড় ও লেকের পাদদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) যুক্ত হয়েছে একটি ব্র্যান্ড নিউ বাস। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএমের (BSRM) সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ৩৮ আসন বিশিষ্ট এই বাসটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

​দীর্ঘদিনের তীব্র যাতায়াত সংকট ও ভোগান্তির পর নতুন এই বাহনটি ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বই আনন্দের জোয়ার। পাহাড়ি অঞ্চলের আঁকাবাঁকা ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লাসে আসা শিক্ষার্থীদের মুখে এখন স্বস্তির হাসি।

​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের দূরদর্শী দিকনির্দেশনা এবং বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিরলস প্রচেষ্টা ও সফল নেতৃত্বের ফলেই শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি অবশেষে বাস্তবায়নের মুখ দেখল।

আলাপকালে বিএসপিআই’র অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ১০ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের ভাটিয়ারীতে গিয়ে বিএসআরএম কর্তৃপক্ষের কাছ থেকে এই উপহারের বাসটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। তিনি আরও জানান, বাসটি খুব শীঘ্রই সড়কে নামানোর প্রস্তুতি চলছে। বর্তমানে রোড পাস, রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট সংক্রান্ত সরকারি অনুমোদনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এটি নিয়মিত রুটে চলাচল শুরু করবে।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিদিন দূর-দূরান্তের দুর্গম রাস্তা পেরিয়ে ক্লাসে আসা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। বিএসআরএমের এই মহতী উদ্যোগ এবং বর্তমান প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা এখন থেকে আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবেন। এতে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমেও বাড়তি গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

বিএসপিআই পরিবারের প্রতিটি সদস্যের প্রত্যাশা—নতুন এই বাসটির প্রতিটি যাত্রা নিরাপদ, আনন্দময় ও ফলপ্রসূ হোক।

​ছবির ক্যাপশন: বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিএসআরএম কর্তৃপক্ষের পক্ষ থেকে বাস হস্তান্তর।

×