আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন কর্মকর্তা।
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি ঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাদের জন্য শুকনা খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্নাহী কর্মকর্তা।
আজ (১০ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডাল, তেল, চিনি, মুড়ি, লবণ, জগ, কম্বল, গ্লাস, নগদ টাকা, চানাচুর, আলু ও চিড়া।
ত্রাণ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এই কঠিন সময়ে ইউএনও স্যার নিজে এসে আমাদের খোঁজ-খবর নিয়ে খাবার, কম্বল আর টাকা দিয়ে গেছেন এটাই আমাদের জন্য এখন অনেক বড় পাওয়া।
নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। প্রাথমিকভাবে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আরও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

| ১০ নভেম্বর ২০২৬















