রাইখালী গবেষণা কেন্দ্রের সাফল্য: পাহাড়ি অর্থনীতি বদলে দিতে আসছে ‘বারি কাজু বাদাম
রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
দেশের পাহাড়ি অঞ্চলের কৃষিতে এক সোনালী অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর রাঙামাটি জেলার রাইখালিস্থ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে সফলভাবে অবমুক্ত করা হয়েছে উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’ (BARI Kaju badam-1)।
কৃষি বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের নিরলস গবেষণা এবং মাঠপর্যায়ের সফল মূল্যায়নের ভিত্তিতে কাজু বাদামের এই উন্নত জাতটি বাংলাদেশে বাণিজ্যিক চাষাবাদের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
স্থানীয় আবহাওয়া এবং পাহাড়ি ভূমির বৈশিষ্ট্যের সাথে চমৎকারভাবে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতার কারণে এই জাতটি দেশের পাহাড়ি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কাপ্তাই রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান বলেন,”‘বারি কাজু বাদাম-১’ জাতটি আমাদের পাহাড়ি মাটির উর্বরতা ও জলবায়ুর সাথে পুরোপুরি উপযোগী। এটি অত্যন্ত উচ্চফলনশীল হওয়ায় কৃষকেরা সাধারণ জাতের তুলনায় অনেক বেশি লাভবান হবেন। পাহাড়ে কাজু বাদামের বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারণ এবং এর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই জাতটি অগ্রণী ভূমিকা রাখবে।
“কৃষি বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলের ঢালু ও অনুর্বর জমিতে যেখানে অন্য ফসল সহজে চাষ করা যায় না, সেখানে কাজু বাদাম চাষ লাভজনক বিকল্প হিসেবে কাজ করবে। নতুন এই জাতটি কৃষকদের মধ্যে দ্রুত ছড়িয়ে দিতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও কাজু বাদাম রফতানির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

| ৯ নভেম্বর ২০২৬








